আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইরাকে উত্তর অঞ্চলের ‘তালা’ফুর’ এলাকায় গাড়ীবোমা বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে এবং অপর ১৫ জন আহত হয়েছে।
এদিকে ইরাকের পশ্চিমাঞ্চলীয় শহর ‘হীত’-এ আত্মঘাতী ও সন্ত্রাসী হামলায় ২ ব্যক্তি নিহত এবং অপর ৪ জন আহত হয়েছে।
তালা’ফুর অঞ্চলের এক নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা জানিয়েছেন : বোমা পেতে রাখা ঐ গাড়ীটি একটি রেস্টুরেন্টের কাছে বিস্ফোরিত হওয়ার কয়েক মিনিট পর আত্মঘাতী বোমাধারী সমবেত জনগণের মাঝে নিজেকে বিস্ফোরিত করে।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, তালা’ফুরের কয়েকটি বানিজ্য এলাকা সন্ত্রাসী হামলার শিকার হয়েছে; দু’টি গাড়ী বোমা বিস্ফোরণে কমপক্ষে ৭ ব্যক্তি নিহত এবং ১৪ জন আহত হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপর এক সূত্র ফরাসী বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন যে, উক্ত হামলায় ১২ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছে।
এদিকে গত সোমবারেও ইরাকে বেশ কয়েকটি সশস্ত্র হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সকল হামলায় ২৮ জন পুলিশ নিহত হয়।
ইরাকের হাউজিং ও নির্মাণ মন্ত্রীকে হত্যার প্রচেষ্টা ব্যর্থ
ইরাকের হাউজিং ও নির্মাণ বিষয়ক মন্ত্রী ‘মুহাম্মাদ সাহেব আল দাররাজী’কে হত্যার উদ্দেশ্যে চালানো হামলা ব্যর্থ হয়েছে এবং তিনি এ সন্ত্রাসীদের ঐ হামলা হতে বেঁচে গেছেন।
এ প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে যে, বোমা পেতে রাখা ঐ গাড়ীটি জনাব দাররাজী’র গাড়ীর উদ্দেশ্যে বিস্ফোরিত করা হয়। ঐ ঘটনায় তার ২ জন দেহরক্ষী প্রাণ হারিয়েছে।
ইরাকের হাউজিং ও নির্মাণ বিষয়ক মন্ত্রীর কার্যালয়ের জনসংযোগ বিভাগ ঘোষণা করেছে যে, মুহাম্মাদ দাররাজী’র গাড়ী বাগদাদের পশ্চিম অঞ্চলের একটি এলাকা অতিক্রমের সময় তার গাড়ীর উদ্দেশ্যে ঐ হামলা চালানো হয়, সৌভাগ্যক্রমে তিনি কোন আঘাত পাননি।
পলাতক ৫৯ সন্ত্রাসী গ্রেপ্তার
ইরাকের নিরাপত্তা বাহিনী’র সদস্যরা গত বুধবার এদেশের ‘সালাহুদ্দীন’, ‘আল দিয়ালি’, ‘কারকুক’, ‘ওয়াসেত’ ও ‘দাহুক’ অঞ্চল হতে ৫৯ জন পলাতক আসামীকে চিহ্নিত করার পর গ্রেপ্তার করেছে।#